
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৬ নম্বর ভাদাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু বাক্কার সিদ্দিক বাক্কার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
সোমবার বিকেল থেকে উপজেলার ভাদাই ইউনিয়নের মাটির ঘর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। প্রায় ১০০টি মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়। শোভাযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মোঃ আবু বাক্কার সিদ্দিক বাক্কার বিভিন্ন মণ্ডপের আয়োজক ও উপস্থিত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গ্রাম পুলিশের দায়িত্ব পালনের প্রশংসা করেন।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৬ নম্বর ভাদাই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আবু বাক্কার সিদ্দিক বাক্কার। পাশাপাশি ক্যাসিনো ও জুয়ামুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।