
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৬ নম্বর ভাদাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু বাক্কার সিদ্দিক বাক্কার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন। এ সময় প্রায় ১০০টি মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে উপজেলার মাটির ঘর বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ভাদাই ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু বাক্কার সিদ্দিক বাক্কার বিভিন্ন মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গ্রাম পুলিশের দায়িত্ব পালনের প্রশংসা করেন।
তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাদাই ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এ সময় তিনি ভাদাই ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।