
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনগণের জন্য কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরের সব থানা ও গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং আদালতের ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন সিএমপি কমিশনার।
এছাড়া আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। তাদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
সভায় বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নূরুল ইসলাম সিদ্দিক, পিপিএমকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।