
রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করায় এক যুবককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা এবং মো. মোবারক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান নিজেকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয় এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।