
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ গোলাম মোস্তফা:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ।উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ দেওয়া হবে।প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, “কৃষক আমাদের প্রাণ। তাদের পরিশ্রমেই দেশের গ্রামীণ অর্থনীতি সচল থাকে।” তিনি কৃষি বিভাগের তদারকি বৃদ্ধি এবং কৃষকদের উন্নয়নে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষি খাতকে সমৃদ্ধ করে তুলতে হবে।