
রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের দুটি গুদামঘর থেকে মোট ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। এ অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে জব্দকৃত জ্বালানি তেল সিংগাইর থানার অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে এসব তেল বিক্রির কার্যক্রম শুরু করা হয়, যা এখনও চলমান রয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#সিংগাইর #মানিকগঞ্জ #অভিযান #জ্বালানিতেল #ভোক্তাঅধিকার #বাংলাদেশ #স্থানীয়সংবাদ #দুর্নীতি_বিরোধী