(সিরাজগঞ্জ) প্রতিনিধি: মোঃ শরিফুল ইসলাম:
সিরাজগঞ্জের গালা ইউনিয়ন-এর মাজ্জান গ্রামে পাঁচ বছর বয়সী শিশু হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়া।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ধর্মপাশা উপজেলা-এর হাওর এলাকায় অভিযান চালানো হয়। কৃষক বেশ ধারণ করে পরিচালিত বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধান কাটার সময় তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ মে) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
থানা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ফারুক সরদারের সঙ্গে তার সহোদর ভাই হামেদ সরদার ও পেশকার সরদারের সংঘর্ষ হয়। এ সময় হামেদ সরদার হাসুয়া দিয়ে ফারুক সরদারকে কোপ দিতে গেলে তিনি সরে যান। তখন পাশে থাকা তার পাঁচ বছর বয়সী ছেলে হৃদয় সরদারের মাথায় হাসুয়ার আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা ফারুক সরদার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানা-র অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পরে কৃষক সেজে মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
#সিরাজগঞ্জ #শাহজাদপুর #শিশুহত্যা #গ্রেফতার #বাংলাদেশ_সংবাদ