
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও মোবাইল কোর্টের যৌথ অভিযানে গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ধুনট উপজেলার পেঁচাবাড়ী ও সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মাহিদুল ইসলাম (৩৮), আশরাফ (৫৫), রুবেল আলম (২৯) ও মোমিন (৩৫)।অভিযান শেষে ধুনট উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই শাস্তি প্রদান করা হয়।মাহিদুল ইসলাম ও আশরাফ–কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।রুবেল আলম ও মোমিন–কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।অভিযান সম্পর্কে ইউএনও প্রীতিলতা বর্মন বলেন,“মাদক সমাজকে ধ্বংস করে দেয়। ধুনটকে মাদকমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মাদক বিক্রি বা সেবনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”ডিএনসির বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসির অভিযান আরও জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে আমাদের টিম নিয়মিত অভিযান করছে। ধুনটে আজকের অভিযান তারই ধারাবাহিকতা। বগুড়াকে মাদকমুক্ত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”