
মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে চরম অস্থিরতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাকিমুল ইসলাম (৩২)-কে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকিমুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি নিয়মিতভাবে তার জন্মদাতা বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং বাড়ির আসবাবপত্র ও সম্পদ ভাঙচুর করতেন। তার আচরণে পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের মাধ্যমে প্রশাসনের নজরে আসে। অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে একটি পরিবার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে—এই ঘটনা তারই বাস্তব উদাহরণ। বিশেষ করে একজন মায়ের নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হওয়া সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতা।
সচেতন মহলের অভিমত, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।
এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় থাকা রুকনুজ্জামান রোকন (সাবেক উপজেলা সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন), আশিক (উপজেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ)সহ সংশ্লিষ্ট সকল সচেতন নাগরিকদের ভূমিকার প্রশংসা করা হয়।
এলাকাবাসীর আহ্বান—মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনের কঠোর প্রয়োগই পারে এই সর্বনাশা নেশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে।