
মোঃ শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-এর একটি আমগাছ থেকে হাসমত ফকির (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল চত্বরে গাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত হাসমত ফকির উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।