
খুলনা প্রতিনিধি:-খুলনা-য় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে শহিদ হাদিস পার্ক।
মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে শহিদ হাদিস পার্কে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। তিনি নতুন বছরে অতীতের গ্লানি ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাবন্দিদের পরিবেশনায় নাটক ও সাংস্কৃতিক আয়োজন এবং বন্দিদের তৈরি পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।