
বাছির ইসলাম,কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি ;কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, পরিচিতি ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের স্টাফদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। এ উদ্যোগকে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বাড়াতে এবং সাধারণ মানুষের কাছে প্রশাসনের কর্মীদের সহজে চিহ্নিত করার সুবিধার্থে এই ইউনিফর্ম চালু করা হয়েছে। এর ফলে সেবা নিতে আসা জনগণ দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের শনাক্ত করতে পারবেন, যা সেবার গতি ও মান উভয়ই বাড়াবে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসিন খন্দকার উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের স্টাফদের হাতে ইউনিফর্ম তুলে দেন। তিনি বলেন, “একটি সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিফর্ম ব্যবহারের মাধ্যমে দায়িত্ববোধ বাড়বে এবং জনগণের সঙ্গে আস্থা ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, আধুনিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে উপজেলা প্রশাসন সবসময়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন এবং তারা এ উদ্যোগকে স্বাগত জানান।