
মো. শরিফুল ইসলাম,শাহজাদপুর উপজেলা,প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর-এ কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ-এ অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজসহ আরও অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন শাহজাদপুর সাংবাদিক ফোরাম-এর সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও সাবরিনা শারমিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা সভায় শাহজাদপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে পৌর শহরের যানজট, করতোয়া নদী-এর দূষণ, কাপড়ের হাটের দুরাবস্থা, গো-খাদ্যের ভেজাল, মাদক ও দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান তারা।
এসময় ইউএনও সাবরিনা শারমিন বলেন, “শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যাগুলো সমাধানে কাজ করবো। টেকসই উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”