
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল— ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
সকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে চিটাগাং রোডের গ্রীন গার্ডেন এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। পরে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি যত প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, ততই শক্তিশালী হয়েছে। দেশের মানুষ আর ফ্যাসিবাদ দেখতে চায় না। তারা শান্তি ও নিরাপদ পরিবেশে বসবাস করতে চায়। দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে মানুষ দলে দলে বিএনপিতে যোগ দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিষয়ক সম্পাদক মো. সাহারাজ, সিদ্ধিরগঞ্জ থানার কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, বিএনপি নেতা হেলাল ও আশরাফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, দলকে আরও সুসংগঠিত করা এবং সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।