
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় আজ রবিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী “পৌরকর আদায় মেলা-২০২৬”। এই মেলার শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।রবিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোঃ ইয়াসিন খন্দকার। এ সময় তিনি বলেন, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর আদায়ের মাধ্যমে পৌরসভা রাস্তা-ঘাট উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, আলোকসজ্জাসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে কর প্রদানে উৎসাহিত করতে এবং সহজ প্রক্রিয়ায় কর আদায়ের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় করদাতারা কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজভাবে তাদের বকেয়া ও চলতি কর পরিশোধ করতে পারবেন। পাশাপাশি কর প্রদানকারীদের জন্য থাকছে বিশেষ ছাড় ও প্রণোদনার ব্যবস্থাও।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীজন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কর আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এই কর আদায় মেলা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে। মেলায় আলাদা বুথের মাধ্যমে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন পৌরকর গ্রহণ করা হবে। করদাতাদের সুবিধার্থে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলার প্রথম দিনেই করদাতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাদের বকেয়া কর পরিশোধ করেছেন। আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে, যা পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।